বঙ্গভবনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে বিরাজমান উৎসবমুখর পরিস্থিতির মধ্যে নিজের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গভবনে এক আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে এই ভোট প্রদান করেন।
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সাগর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গতরাতে ডাক বিভাগের এক কর্মকর্তা ব্যালট পৌঁছে দিলে রাষ্ট্রপতি পাবনা-৫ (সদর) আসনে তাঁর ভোট দেন।
পাবনা-৫ আসনের একজন নিবন্ধিত ভোটার রাষ্ট্রপতি নির্বাচনের দিন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকায় সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত না হয়ে নির্বাচন কমিশনের বিশেষ বিধান অনুযায়ী এই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তার কাছে ব্যালট পেপার পৌঁছে দেন এবং তিনি নির্ধারিত নিয়ম মেনে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়ে খামটি সিলগালা করেন। পরে ব্যালটটি যথাযথ প্রক্রিয়ায় পাবনার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে এবং ভোট গণনার সময় তা অন্তর্ভুক্ত করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি। এর আগে নিজের নির্বাচনি এলাকায় না যাওয়ার ব্যাখ্যায় তিনি বলেছিলেন, বঙ্গভবন থেকে পাবনায় গেলে নিরাপত্তাজনিত কারণে পুরো জেলায় প্রভাব পড়তে পারে। এতে সাধারণ ভোটাররা সাময়িক বিড়ম্বনা ও বাধার মুখে পড়তে পারেন এমন বিবেচনা থেকেই এলাকায় গিয়ে ভোট দেওয়া তার উচিত হবে না বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: উপদেষ্টা পরিষদের বৈঠকে পিএসসি সংশোধনসহ একাধিক নীতি অনুমোদন
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর অনুচ্ছেদ ২৭ অনুযায়ী রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। ভোটকেন্দ্রে যেতে অক্ষম চার ধরনের ভোটার এই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রবাসী ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে। এবার দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২২টি দেশে অবস্থানরত প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট প্রদানের সুযোগ পেয়েছেন। ১২৩ দেশে অবস্থানরত সাত লাখ ৬৭ হাজার ১৮৮টি ব্যালট প্রবাসীদের কাছে পাঠানো হলেও ঠিকানা জটিলতাসহ বিভিন্ন কারণে ১২ হাজার ১৭০টি ব্যালট ভোটারের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারেরও বেশি ভোটার।
নতুন পদ্ধতিতে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ মিলছে। ইতোমধ্যে কারাগার থেকে বহু বন্দী ভোট দিয়েছেন। পাশাপাশি আমলা, পুলিশ, নির্বাচনি কর্মকর্তাসহ হাজার হাজার ভোটার এবং পাঁচ লক্ষাধিক প্রবাসী এই ব্যবস্থায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির অগ্রিম ভোট প্রদানকে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








