উপদেষ্টা পরিষদের বৈঠকে পিএসসি সংশোধনসহ একাধিক নীতি অনুমোদন
ছবি: সংগৃহীত
সরকারি কর্মকমিশনের (পিএসসি) কার্যক্রমে গতিশীলতা আনা এবং আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে ‘সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা, ২০২৬; এবং জাতীয় মৎস্য নীতিমালা, ২০২৬-এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ (ফ্রি ট্রেড জোন) স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সরকারি কর্মকমিশনের কাজে গতি আনা এবং সংস্থাটির আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে ‘সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৬’ অনুমোদন করা হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, নতুন সংশোধনীর মাধ্যমে কমিশনের বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন গ্রহণ আর বাধ্যতামূলক থাকবে না। অধ্যাদেশে ৮-এর (ক) ধারা যুক্ত করে প্রতি অর্থবছরের বাজেটে নির্ধারিত অর্থ অনুমোদিত খাতে ব্যয়ের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। ফলে দীর্ঘসূত্রতা কমবে এবং কমিশনের কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা, ২০২৬ সম্পর্কে শফিকুল আলম বলেন, এটি একটি গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো, যার মাধ্যমে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাসহ সব ধারার শিক্ষার মধ্যে যোগ্যতার সুস্পষ্ট সংজ্ঞা ও সমন্বয় নিশ্চিত করা হবে। নীতিমালার লক্ষ্য পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি দেওয়া, এক শিক্ষা ধারা থেকে অন্য ধারায় স্থানান্তর সহজ করা এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী ও কর্মীদের যোগ্যতার স্বীকৃতি নিশ্চিত করা। এর ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং শ্রমবাজারে কর্মীদের উল্লম্ব ও অনুভূমিক গতিশীলতা সহজ হবে। মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা ও কর্মজীবনের গতিধারা নির্ধারণেও এটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে কাজ করবে।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর অপশাসন হবে না: প্রধান উপদেষ্টা
জাতীয় মৎস্য নীতিমালা, ২০২৬ সম্পর্কে তিনি জানান, ১৯৯৮ সালের নীতির পরিবর্তে নতুন এই নীতি প্রণয়ন করা হয়েছে। এতে জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং টেকসই মৎস্য উৎপাদনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও সুনীল অর্থনীতির বিকাশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই লক্ষ্য অর্জনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মৎস্য খামারের যান্ত্রিকীকরণ, মৎস্য ও মৎস্যজাত পণ্যের মূল্যশৃঙ্খল উন্নয়ন, মূল্য সংযোজিত পণ্য উৎপাদন, মুক্ত জলাশয়ের টেকসই ও বাস্তুতান্ত্রিক ব্যবস্থাপনা এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কাতার সশস্ত্র বাহিনীতে বাংলাদেশি কর্মকর্তা, সামরিক সদস্য ও বেসামরিক জনবল প্রেষণের বিষয়ে করা চুক্তির অনুসমর্থন প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়েছে। এর ফলে বাংলাদেশি কর্মকর্তারা কাতারে দায়িত্ব পালন করতে পারবেন এবং দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। ভবিষ্যতে প্রেষণের সংখ্যা বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করেন প্রেস সচিব।
মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের বিষয়ে তিনি জানান, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানাধীন প্রায় ৬৫০ একর জমি চিহ্নিত করা হয়েছে। এই বিশেষ অঞ্চলে বিশ্বের যে কোনো দেশের কোম্পানি পণ্য উৎপাদন ও রপ্তানি করতে পারবে। অঞ্চলটি চালু করতে প্রায় ১০টি বিদ্যমান আইন ও নীতিমালায় পরিবর্তনের প্রয়োজন হবে, যা দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত বিভিন্ন প্রস্তাবনাও বৈঠকে নীতিগতভাবে গ্রহণ করা হয়।
বৈঠকে জাপানের সঙ্গে সদ্য স্বাক্ষরিত বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই চুক্তিকে ‘যুগান্তকারী’ হিসেবে অভিহিত করে বলেন, এর ফলে জাপানের বাজারে বাংলাদেশি প্রায় ৭ হাজার ৪০০ পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের গত ১৮ মাসে জারি করা সব অধ্যাদেশের একটি সংকলন প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের হাতে তুলে দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিপুল পরিমাণ আইনি সংস্কার ও অধ্যাদেশ জারির এই উদ্যোগের জন্য উপদেষ্টা পরিষদ আইন উপদেষ্টাকে ধন্যবাদ জানায়।
নিউজবাংলাদেশ.কম/পলি








