News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ

ছবি: সংগৃহীত

রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে গেজেটটি প্রকাশ করা হয়।

এর আগে গত ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ অনুমোদিত হয়। ঢাকার সাতটি সরকারি কলেজকে একটি অভিন্ন একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য।

নতুন অধ্যাদেশ অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে। কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর অধিকার অক্ষুণ্ণ থাকবে।

অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামোর কথা বলা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি আচার্যের দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দেবেন। শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তদারকি ও মূল্যায়নের দায়িত্ব পাবে।

বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন ও চারুকলাসহ বিভিন্ন ডিসিপ্লিনে পৃথক স্কুল থাকবে, যার নেতৃত্বে থাকবেন একজন ‘হেড অব স্কুল’। সংযুক্ত কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম, পরীক্ষা ও মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন কাঠামো অনুযায়ী পরিচালিত হবে।

ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু, শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন ও উৎসব মিলিয়ে টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

অধ্যাদেশে আবাসিক হল সুবিধা, ছাত্র সংসদ নির্বাচন, সহশিক্ষা কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের জন্য স্বয়ংসম্পূর্ণ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিধান রাখা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মিত না হওয়া পর্যন্ত অস্থায়ী ব্যবস্থায় কার্যক্রম পরিচালিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, এই অধ্যাদেশ ঢাকার সাত কলেজের দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর করবে এবং রাজধানীতে একটি সমন্বিত, আধুনিক ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়