News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের দিনে প্রার্থী ও এজেন্টদের যানবাহন ব্যবহারে ইসির নির্দেশনা

ভোটের দিনে প্রার্থী ও এজেন্টদের যানবাহন ব্যবহারে ইসির নির্দেশনা

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের চলাচলের জন্য যানবাহন ব্যবহারে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্দেশনা অনুযায়ী, প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন- জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা ব্যবহার করতে পারবেন। প্রতিটি যানবাহনে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থীর নিরাপত্তায় নিয়োজিত গানম্যান থাকলে তাকেও এই পাঁচজনের মধ্যেই গণ্য করা হবে।

যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) অনধিক দুজন অবস্থান করতে পারবেন।

নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্ট প্রত্যেকে নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে যাতায়াত করতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যানবাহনে অবস্থানকারী ব্যক্তি ও প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও গানম্যান ছাড়া অন্যদের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন: ৪৩ হাজার ভোটকেন্দ্রেই থাকবে গোয়েন্দা নজরদারি: প্রেস সচিব

এ ছাড়া প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ব্যতীত তাঁদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়