১৩টি আসনে ভোটের আগে-পরে ৯৬ ঘণ্টা জনসভা-মিছিল নিষেধ
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরীর নির্দিষ্ট ১৩টি সংসদীয় এলাকায় ভোটগ্রহণের আগে ও পরে ৯৬ ঘণ্টা সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদের ক্ষমতা উল্লেখ করে জানানো হয়েছে, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান, অনুষ্ঠানে যোগদান, মিছিল বা শোভাযাত্রা আয়োজন করতে পারবে না।
নিষেধাজ্ঞা ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে উল্লিখিত সময়ে কোনো ব্যক্তি নির্বাচনী এলাকায় আক্রমণাত্মক কার্য, বিশৃঙ্খল আচরণ, ভোটার বা নির্বাচনি কাজে নিয়োজিত ব্যক্তিদের হুমকি প্রদর্শন, অস্ত্র বা শক্তি প্রদর্শন করতে পারবে না।
আরও পড়ুন: নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, এই বিধান লঙ্ঘনকারীরা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অন্তত দুই বছর এবং সর্বোচ্চ সাত বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডেও দণ্ডিত হবেন।
নিষেধাজ্ঞা ঢাকা-৪ থেকে ঢাকা-১২, ঢাকা-১৪ এবং ঢাকা-১৬ থেকে ঢাকা-১৮ পর্যন্ত সংসদীয় আসনগুলোতে কার্যকর হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








