নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে এবং ভোট কারচুপির কোনো শঙ্কা নেই।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন হবে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল। আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনো ধরনের কারচুপির খবর পান, সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা অবিলম্বে পদক্ষেপ নেব।
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে জায়গায় যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, সেখানেই আমরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আজকের মতবিনিময় সভাতেও বিষয়টি আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন: জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চান নারী নেত্রীরা
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ মাঠ প্রশাসন, গোয়েন্দা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








