News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

‘বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড, গুলি চলেনি’

‘বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড, গুলি চলেনি’

ফাইল ছবি

নবম জাতীয় পে স্কেল দ্রুত ঘোষণা এবং শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এই সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত বা বিক্ষোভ প্রদর্শন বর্তমানে নিষিদ্ধ। এর মধ্যেও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশ বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পুলিশের উপস্থিতিতে এক পর্যায়ে তারা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

আরও পড়ুন: ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

তিনি আরও জানান, এই ঘটনা ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। 

ডিএমপি বলেছে, সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে এবং এতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। পাশাপাশি, কিছু বিক্ষোভকারীও সামান্য আহত হয়েছেন।

ডিএমপি সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে, এই ঘটনায় কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক থাকুন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়