ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
ফাইল ছবি
সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
ঘোষণায় উল্লেখ করা হয়, যমুনায় সদস্যসচিব জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ঘটনার পটভূমি অনুযায়ী, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে বিকেল সাড়ে ৪টা থেকে ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষে জাবেরসহ আহত অর্ধশতাধিক
অন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়, এই সময় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন এবং শতাধিক নেতাকর্মী আহত হন। এ ছাড়া ডাকসু নেত্রী জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্যান্য নেতাকর্মীও আহত হন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নন।
আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, আপাতত জমায়েত না করতে এবং আহতদের চিকিৎসা শেষে পরে আবার কর্মসূচিতে অংশ নিতে হবে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হাদি হত্যার তদন্ত সংক্রান্ত তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি সেই ধারাবাহিকতার অংশ হিসেবে পরিচালিত হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








