জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, মোহাম্মদ ছরওয়ারে আলমকে আমরা হেফাজতে নিয়েছি। তার মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। সেগুলো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে।
ডিবি সূত্র জানায়, রাত ১২টার পর জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালানো হয়। পরে সেখান থেকেই মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।
এর আগে গত শনিবার রাতে জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে ওই পোস্টটি অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: আবারও ভূমিকম্পে কাঁপল দেশ
ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে ওই অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








