News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২৬

বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল, দায়িত্বে হুমায়রা

বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল, দায়িত্বে হুমায়রা

ছবি: সংগৃহীত

শিশু গৃহকর্মীকে পৈশাচিক নির্যাতনের অভিযোগে ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। একইসঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটির কার্যক্রম সচল রাখতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে এমডি ও সিইও পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। 

মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীনের স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ৩০ (গ) ধারা অনুযায়ী সাফিকুর রহমানের চুক্তি বাতিল করা হয়েছে এবং জনস্বার্থে ড. হুমায়রা সুলতানাকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন।

ঘটনার সূত্রপাত হয় গত রবিবার গভীর রাতে। ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ সাফিকুর রহমানের বাসায় অভিযান চালায়। সেখান থেকে সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিশুর বাবা, যিনি পেশায় একজন হোটেল শ্রমিক, বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: শিশু নির্যাতনের মামলায় কারাগারে বিমানের এমডি দম্পতি

পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, শিশুটিকে নিয়মিত অমানবিক মারধর করা হতো বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। সোমবার আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ রাজু আহমেদ তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

উল্লেখ্য, গ্রেফতার হওয়া গৃহকর্মী রুপালীর দুই দুগ্ধপোষ্য শিশুসন্তান থাকায় অভিভাবকের অনুপস্থিতিতে তাদেরও মায়ের সাথে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বিমানের শীর্ষ পদে ড. সাফিকুর রহমানের এই নিয়োগ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। ২০২৪ সালের সেপ্টেম্বরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের মাস কয়েকের মাথায় এমন গুরুতর ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ায় প্রশাসনিক স্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এদিন জারি করা মন্ত্রণালয়ের এই আদেশের অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়