নির্বাচনে কোস্ট গার্ডের নিরপেক্ষতা রক্ষায় কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা রক্ষার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আগারগাঁও কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
তিনি বলেন, কোনো সদস্য যদি ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত থাকে, তবে সংশ্লিষ্টের বিরুদ্ধে দফায় দফায় বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি কোস্ট গার্ডের অবদান তুলে ধরে বলেন, উপকূলীয় এলাকা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে বাহিনী সাহসিকতার সঙ্গে কাজ করছে। এছাড়া দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিক উদ্ধার, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ এবং রোহিঙ্গা সংকট নিরসনে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে দেশের ৩ হাজার ৫৮৫ জন কোস্ট গার্ড সদস্যসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এর অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন স্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে।
আরও পড়ুন: শবে বরাতে ঢাকায় আতশবাজি, ফানুস ও গ্যাস বেলুন নিষিদ্ধ
উদযাপনের অংশ হিসেবে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








