ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন
ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর দুইটায় এই জানাজা সম্পন্ন করা হবে।
এর আগে জানাজার সময় দুপুর আড়াইটায় নির্ধারণ করা হলেও পরবর্তীতে সময় পরিবর্তন করে আধা ঘণ্টা এগিয়ে আনা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানাজার সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।
ফেসবুক পোস্টে লেখা হয়, আগামীকাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হবার ঘোষণা দেওয়া হয়েছিল।
একই তথ্য শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও জানানো হয়।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে।
সরকার জানাজার সময় কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। যারা জানাজায় অংশগ্রহণ করতে আসবেন, তাদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় জানাজার সময় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: ওসমান হাদির জানাজা শনিবার, দাফন কবি নজরুল ইসলামের পাশে
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টায় শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছে। বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি হিমাগারে নেওয়া হয়।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শনিবার জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে।
ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর দুইটায় নির্ধারণ করা হয়।
সংগঠনটি ছাত্রজনতাকে আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানায়। তাদের ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায়। জানানো হয়, মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শহীদ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








