News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৯, ১৯ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির জানাজা শনিবার, দাফন কবি নজরুল ইসলামের পাশে

ওসমান হাদির জানাজা শনিবার, দাফন কবি নজরুল ইসলামের পাশে

ফাইল ছবি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। জানাজা প্রধানত রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা আড়াইটায় সম্পন্ন হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানানো হয়েছে যে, জানাজার জন্য উপস্থিতি ব্যক্তিদের নিরাপত্তা স্বার্থে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। 

এতে বলা হয়েছে, অংশগ্রহণকারীরা কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু সঙ্গে আনবেন না এবং সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের ইচ্ছানুযায়ী শহীদ হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

ফলে, আজকের পরিবর্তে শনিবার ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে। এ সংক্রান্ত তথ্য শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

ইনকিলাব মঞ্চ আরও জানিয়েছে, মরদেহ বহনকারী গাড়ি ইতোমধ্যেই বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়