হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ উত্তাল, ছাত্র-জনতার অবস্থান
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই রাজধানীর শাহবাগে ছাত্র-জনতা জড়ো হতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শাহবাগ এলাকায় ভিড় বাড়তে থাকে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, হাতে জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে ছাত্র-জনতা অবস্থান নিয়েছেন। তাদের মুখে শোনা যাচ্ছে, “ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও,” “এই বাংলায় আওয়ামী লীগের আস্তানা হবে না,” “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না” -এমন নানা স্লোগান।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু সংবাদ আসে, যা বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভের সূত্রপাত করে।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগ চলাকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। গুলিটি তার মাথায় লাগে। প্রথমে ঢাকায় চিকিৎসা নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে আগুন, ভাংচুর
শহীদ হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় উত্তাল ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








