News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৯, ১৫ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা, পল্টন থানায় মামলা

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা, পল্টন থানায় মামলা

শরিফ ওসমান হাদি। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দিবাগত রাতে রাজধানীর পল্টন থানায় এ মামলা করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে মামলার বাদীর নাম তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তিনি জানান, ওসমান হাদির এক আত্মীয় মামলার বাদী হয়েছেন।

মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়াকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ওসমান হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় দুইজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন।

প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। আটকরা হলেন- ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। র‍্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার একটি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আজ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ইনকিলাব মঞ্চের

ঘটনার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলেই পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়