সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে জাতিসংঘ ও ইইউর শোক
ছবি: সংগৃহীত
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রবিবার (১৪ ডিসেম্বর) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এ হামলার তীব্র নিন্দা জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি বলেন, “সুদানের কাদুগলিতে জাতিসংঘের একটি লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। এই হামলায় বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা নিহত ও আহত হয়েছেন।”
গুতেরেস আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটি যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। তিনি জাতিসংঘের কর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষকে তাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
একই দিন ঢাকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অমূল্য অবদানের জন্য এবং বিশ্বজুড়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য ইইউ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ঘিরে ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করল নয়াদিল্লি
বিবৃতিতে সুদানের হামলায় নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এ ছাড়া বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস এবং ব্রিটিশ হাইকমিশন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








