News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৩, ১৪ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনাকে ঘিরে ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করল নয়াদিল্লি

শেখ হাসিনাকে ঘিরে ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করল নয়াদিল্লি

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছেন- এমন অভিযোগে ঢাকার উদ্বেগের জবাবে কড়া অবস্থান নিয়েছে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিবৃতি দিয়েছে, ভারত তা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।

রবিবার (১৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে, ভারত তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুসুলভ জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ দেয়নি।

এতে বলা হয়, ভারত আশা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করবে এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে একই দিন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য এবং আসন্ন নির্বাচন ঘিরে সরকারের উদ্বেগের কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: ওসমান হাদির ওপর হামলায় আমার মাথার ওপর বাজ পড়েছে: সিইসি

এ ছাড়া শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে ভারতের সহযোগিতা চাওয়া হয়। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে- এটাই প্রত্যাশা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়