ওসমান হাদির রক্তনালির মাঝে আটকে রয়েছে গুলির অংশ: চিকিৎসক
শরীফ ওসমান বিন হাদি। ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় রক্তনালির মাঝে আটকে রয়েছে গুলির অংশ।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানান বোর্ডের সদস্য ডা. আব্দুল আহাদ।
তিনি জানান, ওসমান হাদির শারীরিক অবস্থার বিস্তারিত প্রতিবেদন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ডা. আব্দুল আহাদ আরও বলেন, “তার মাথায় গুলির একটি ছোট অংশ এখনো ব্রেইনে রয়ে গেছে, যা একাধিক রক্তনালির মাঝখানে আটকে আছে। বর্তমানে তার হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল রয়েছে। শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন নেই এবং সিটি স্ক্যানের রিপোর্টও অপরিবর্তিত।”
মেডিকেল বোর্ড জানায়, ওসমান হাদির ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে। তবে তার কিডনি কার্যক্রম সচল রয়েছে এবং লাইফ সাপোর্টের মাধ্যমে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে। চিকিৎসকদের ধারণা, খুবই দক্ষ শুটার তাকে লক্ষ্য করে গুলি করেছে।
এর আগে সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকরা ওসমান হাদিকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই পর্যবেক্ষণকাল শেষ হবে সোমবার রাত পর্যন্ত।
ঘটনার বিবরণে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে গুলি করা হয়।
আরও পড়ুন: সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ
মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ এবং এর মালিককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র উপদেষ্টা ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








