News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৫, ১৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:১১, ১৪ ডিসেম্বর ২০২৫

ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

ছবি: সংগৃহীত

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর পরিচালিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আরও ৮ জন আহত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করে এবং হতাহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেনা কর্তৃপক্ষ জানায়, শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত কাদুগলি লজিস্টিক বেস লক্ষ্য করে এই নৃশংস ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় সেখানে বাংলাদেশি শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছিলেন।

এই হামলায় কর্তব্যরত যে ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন, তারা হলেন—
১. কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর)
২. সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
৩. সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি)
৪. সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম)
৫. মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
৬. লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)

আরও পড়ুন: সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত

ড্রোন হামলায় আহত হয়েছেন মোট ৮ জন শান্তিরক্ষী। তারা হলেন—
১. লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া)
২. সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর)
৩. কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগনালস (ঢাকা)
৪. ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা)
৫. সৈনিক মো. মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম)
৬. সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ারিং (রংপুর)
৭. সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ)
৮. সৈনিক মো. মানাজির আহসান, বীর (নোয়াখালী)

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আহত আটজন শান্তিরক্ষীকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অপর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। সেনা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, স্থানান্তরিত সকলেই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে বলেছে, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়