হাদী হত্যা মামলার আসামি ফয়সাল রুবেল আদালতে দোষ স্বীকার
ছবি: সংগৃহীত
শরীফ ওসমান হত্যা মামলার আসামি ফয়সাল রুবেল আদালতে দোষ স্বীকার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।
তিনি জানান, দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে রুবেলকে শনিবার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডি পুলিশের ঢাকা মেট্রো পূর্ব বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা।
রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। আবেদন মঞ্জুর হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে, গত ২১ জানুয়ারি মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেফতার করা হয়।
মামলার ঘটনা প্রসঙ্গে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী শরীফ ওসমান হাদিকে গুলি করেন।
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রাথমিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর হাদির মৃত্যু ঘটে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








