ভারতে তাপবিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত ১১
ছবি: সংগৃহীত
ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সিক সাক্তি জেলায় একটি তাপবিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে সাক্তি জেলার সিংঘিতারাই এলাকায় অবস্থিত ওই বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান। আহত ২২ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সাল থেকে উৎপাদন শুরু করে। কেন্দ্রটির মালিক বেদান্ত শিল্পগোষ্ঠী। তবে প্রতিষ্ঠানটির দাবি, বয়লার ইউনিটটি সরাসরি তারা পরিচালনা করে না; এটি এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড (এনজিএসএল) নামে একটি কোম্পানির অধীনে পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হতো।
বেদান্ত কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান আস্থার সংকট ‘এক রাতে’ দূর হবে না: ভ্যান্স
এদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে বলেন, সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। তিনি জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








