আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৮, ২৯ আগস্ট ২০২৬

মক্কা চুক্তিতে বাংলাদেশ, যা বলল ভারত

মক্কা চুক্তিতে বাংলাদেশ, যা বলল ভারত

ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা চুক্তি এবং এতে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, এ ধরনের চুক্তিতে কোনো দেশের অংশগ্রহণ সম্পূর্ণ সংশ্লিষ্ট দেশের নিজস্ব সিদ্ধান্ত। তবে ভারতের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক তৎপরতা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে দেশটির উপ-পররাষ্ট্রসচিব হুমায়ুন কবির এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি মন্তব্য করেছেন। এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া কী?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ যদি ওই প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে চায়, সেটি ঢাকার নিজস্ব সিদ্ধান্ত। এ ধরনের সিদ্ধান্ত অন্য কোনো দেশের জন্য অহেতুক অস্বস্তির কারণ হওয়া উচিত নয়।

তবে আঞ্চলিক কৌশলগত পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন যেকোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক তৎপরতা নয়াদিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত ও জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: ২৯ সেপ্টেম্বর ১,৪৭৬ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া

উল্লেখ্য, চলতি আগস্টের শুরুর দিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ এবং এতে বাংলাদেশের সম্ভাব্য অবস্থান নিয়ে আলোচনা-জল্পনার মধ্যেই ভারতের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়