News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর নতুন পেজ চালু; সংরক্ষিত থাকছে প্রধান উপদেষ্টার পেজ

প্রধানমন্ত্রীর নতুন পেজ চালু; সংরক্ষিত থাকছে প্রধান উপদেষ্টার পেজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর ডিজিটাল প্ল্যাটফর্মেও এসেছে বড় পরিবর্তন। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তাদের প্রথম কার্যদিবসেই দাপ্তরিক তথ্যের আদান-প্রদান সহজ করতে নতুন অফিসিয়াল ফেসবুক পেজ চালু করেছে। একইসঙ্গে, বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পেজটি বন্ধ না করে সেটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম কার্যদিবসে সরকারি উদ্যোগে পেজটি উদ্বোধন করা হয়। পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি।

এখন থেকে সরকারের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি-নির্ধারণী ঘোষণা এবং প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের সব আপডেট এই পেজটির মাধ্যমে সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। মূলত স্বচ্ছতা ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যেই সরকারি উদ্যোগে এই প্ল্যাটফর্মটি সচল করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ সক্রিয় ছিল। ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের সময় এই পেজ থেকে নিয়মিত সরকারী বিবৃতি, কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ তথ্য নাগরিকদের জানানো হতো।

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও বিকেলে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম শেষ হয়। এর প্রেক্ষিতে বুধবার সকাল ১০টার দিকে ‘Chief Advisor GOB’ পেজ থেকে প্রথমবারে ঘোষণা করা হয় যে, পেজটি আর সক্রিয় থাকবে না। 

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন

পোস্টে পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছিল, গত ১৮ মাসের সময়কাল জুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।

এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে পেজটি ডিলিট বা সরিয়ে ফেলার ব্যাপারে বিভ্রান্তি তৈরি হয়। তবে বিকেল ৩টার দিকে পুনরায় পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করে প্রধান উপদেষ্টার কার্যালয়। 

সেখানে বলা হয়েছে, ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেজটি যথারীতি থেকে যাবে এবং এর সকল কনটেন্ট সকল সময় অ্যাক্সেসযোগ্য থাকবে। শুধুমাত্র নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে, কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ১৮ মাস দায়িত্ব পালন শেষে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিলুপ্ত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিন রাতে গেজেট জারির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের শাসনের অবসান ঘটে। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের শাসনভার গ্রহণ করেন, যার ফলে প্রধান উপদেষ্টার পদটি বিলুপ্ত হয়ে যায়।

বিদায়ী প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের শেষ বার্তায় দীর্ঘ ১৮ মাসের যাত্রায় জনগণের সমর্থন, সহযোগিতা ও গঠনমূলক সমালোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ডিজিটাল এই রূপান্তরকে নতুন সরকারের আধুনিক ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার একটি অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়