সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন
নাইম আবদুল্লাহ, সিডনি সংবাদদাতা
নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধকে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল ধারণ করে হৃদয়ের গভীরে, চর্চা করতে চায় এই প্রবাসে, ছড়িয়ে দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্মে।
তারই আজ ২৪ মার্চ (রোববার) বাংলা স্কুলের নিয়মিত সাপ্তাহিক ক্লাসে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের গল্প শুনে, কবিতা পড়ে, গান গেয়ে, ছবি এঁকে আমাদের জাতীয় জীবনের গর্বের স্বাধীনতা দিবস উদযাপন করে।
শুরুতেই পঁচিশে মার্চের কালোরাত এবং ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং মুক্তিযুদ্ধ শুরুর ইতিহাস বর্ণনা করে দৃপ্ত। এর পরপরই একক আবৃত্তি নিয়ে আসে নাজিয়া, রেইনর ও এলভিরা। প্রতিটি কবিতায় ছাত্রছাত্রীদের উচ্চারণের পারদর্শিতা এবং সেই সাথে আবেগ সংশ্লিষ্টতা ছিল উল্লেখ করার মতো।
‘স্বাধীনতা তুমি’ এই কালজয়ী কবিতার দ্বৈত আবৃত্তি করে তাহিয়া এবং নাশিতা সবাইকে মোহমুগ্ধ করে। ‘কেউবা বলে ধানের দেশ, কেউবা বলে প্রাণের দেশ’ জেইনার গাঁওয়া এই অসাধারণ দেশাত্মবোধক গানটি আয়োজনকে ভিন্ন মাত্রা দিতে সক্ষম হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সকাল দশটায় স্কুলের শ্রেণিকক্ষে শুরু হওয়া এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং স্কুলের কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সব বাংলা ভাষাভাষির জন্য উন্মুক্ত থাকে।
নিউজবাংলাদেশ.কম/ এমএস








