গ্রামের ভাষার লাইভে ভাইরাল তাজু তবুও থামেনি দারিদ্র্যের লড়াই
ছবি: নিউজবাংলাদেশ
উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের এক প্রত্যন্ত চরগ্রাম থেকে সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছেন তাইজুল ইসলাম তাজু। হাতে লম্বা বুম, টেলিভিশন সাংবাদিকদের মতো উপস্থাপনা, আর গ্রামবাংলার সহজ-সরল ভাষায় ‘লাইভ’ আদলে ভিডিও এই অনন্য স্টাইলেই রাতারাতি ভাইরাল তিনি। তবে অনলাইনে জনপ্রিয়তা পেলেও বাস্তব জীবনের অভাব-অনটন এখনো তার নিত্যসঙ্গী।
তাজুর বাড়ি নাগেশ্বরী উপজেলা–র নারায়নপুর ইউনিয়নের সরকার পাড়া চর গ্রামে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রীর সহকারী। জীবিকার তাগিদে ঢাকার বিভিন্ন এলাকায় কাজ করতেন।
গত ঈদে বাড়িতে এসে স্থানীয় একটি বিদ্যালয়ে ২৬ মার্চের অনুষ্ঠান দেখতে গিয়ে মজার ছলে ‘জিলাপির সরকারি দাম’ নিয়ে একটি ভিডিও তৈরি করেন। সেই ভিডিওই ফেসবুকে ব্যাপক সাড়া ফেলে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রথম ভিডিওর সাফল্যের পর তাজু থেমে থাকেননি। এলাকার নানা সমস্যা, সম্ভাবনা এবং মানুষের জীবনযাত্রা নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও বানাতে থাকেন।
তার উপস্থাপনার বড় শক্তি সরলতা, আবেগ এবং একেবারে স্থানীয় ভাষার ব্যবহার। ফলে ভিডিওগুলোতে গ্রামীণ বাস্তবতার একটি জীবন্ত প্রতিচ্ছবি উঠে আসে, যা দর্শকদের সহজেই আকৃষ্ট করে।
সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা এলেও তা এখনো অর্থনৈতিক স্বস্তিতে রূপ নেয়নি। অভাবের চাপে টিকতে পারেনি তার দাম্পত্য জীবন। অসুস্থ বাবা-মা এবং দুই ভাই-বোনের পড়াশোনার খরচ চালাতে এখনো রাজমিস্ত্রীর সহকারী হিসেবেই কাজ করছেন তিনি। মাত্র ৮ হাজার টাকার একটি মোবাইল ফোন দিয়েই তৈরি করেন তার ভাইরাল কন্টেন্ট।
আরও পড়ুন: মাহবুব সুমনের উদ্ভাবিত সবুজ বিপ্লব ‘বনকাগজ’
তাজু নিজেই বলেন, মানুষ ভালোবাসা দিছে, ভিডিও ভাইরাল হইছে। কিন্তু কষ্ট কমে নাই। পেইজে আয় নাই, সংসার চালানো কঠিন। তাই ভাবতেছি আবার ঢাকায় গিয়ে কাজ করুম।
তাজুকে এলাকার গর্ব হিসেবেই দেখছেন স্থানীয় বাসিন্দারা।
সাদ্দাম হোসেন নামে এক যুবক বলেন, তাজু খুব সহজ ভাষায় আমাদের এলাকার কথা বলে। তার প্রতিভাকে সম্মান করা উচিত। ট্রোল না করে সবাই পাশে দাঁড়ালে সে আরও ভালো করতে পারবে।
স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে তাজুর পরিবার এখন অন্যের জায়গায় বসবাস করছে। এমন বাস্তবতায় তার এই অর্জনকে মূল্যায়ন করে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।
নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের বাসিন্দা সিরাজ-তাহেরা দম্পতির ছয় সন্তানের মধ্যে বড় তাজু। জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও নিজের প্রচেষ্টায় সামাজিক মাধ্যমে একটি অবস্থান তৈরি করেছেন তিনি।
ভাইরাল খ্যাতির বাইরেও তার লড়াই থেমে নেই বরং মানুষের ভালোবাসাকেই তিনি ভবিষ্যতের পথচলার শক্তি হিসেবে দেখছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








