নিকন চলচ্চিত্র উৎসবে একমাত্র বাংলাদেশি সিনেমা ‘আনসিন’
ছবি: সংগৃহীত
১৬তম নিকন চলচ্চিত্র উৎসব ২০২৬-এর প্রতিযোগিতা বিভাগে প্রায় ৬ হাজার চলচ্চিত্রের মধ্যে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনসিন’ (UNSEEN)।
এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ‘বিউটি’ বা সৌন্দর্য। নির্মাতা সৈয়দ সাহিল তার চলচ্চিত্রে প্রচলিত চাক্ষুষ সৌন্দর্যের বাইরে মানবিক আবেগ ও অদৃশ্য অনুভূতিগুলোকে তুলে ধরেছেন।
ফরাসি ভাষায় প্যারিসের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ফরাসি অভিনেতা জঁ-লুক জ্যাকো, জুলিয়েট পিরোত্তে, এলিজাবেথ সেলেম এবং বাংলাদেশি অভিনেতা ইমতিয়াজ রনি। চলচ্চিত্রটির অধিকাংশ কলাকুশলীই বাংলাদেশি। প্রযোজনা করেছেন সাবরিনা ইসলাম, চিত্রগ্রহণ করেছেন পার্বত রায়হান এবং সম্পাদনা করেছেন নিশান মাহমুদ। আন্তর্জাতিক দর্শকদের জন্য এতে ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে।
বর্তমানে উৎসবের অনলাইন পাবলিক ভোটিং পর্ব চলছে, যা আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে। দর্শকদের ভোটের ভিত্তিতে চলচ্চিত্রটি শীর্ষ ৫০-এর তালিকায় জায়গা করে নেওয়ার সুযোগ পাবে।
আরও পড়ুন: হঠাৎ অরিজিৎ সিংয়ের বাড়িতে হাজির হলেন আমির খান
নির্মাতা সৈয়দ সাহিল অংশগ্রহণটিকে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব হিসেবে দেখছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এটি তরুণ নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








