News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৩, ১৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:৩৪, ১৫ ডিসেম্বর ২০২৫

প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে মিম

প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে মিম

বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

ব্যস্ততার রেলগাড়িতে যুক্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম। হাতে একাধিক কাজের মধ্যে এবার নতুন যোগ হলো চরকি অরিজিনাল ফিল্মে অংশ নেওয়া। 

শনিবার (১৩ ডিসেম্বর) নাম চূড়ান্ত না হওয়া এই ছবিতে চুক্তিবদ্ধ হয়ে মিম প্রথমবার কোনো ওটিটি প্ল্যাটফর্মের প্রজেক্টে যুক্ত হলেন।

সিনেমাটির পরিচালনা করছেন কাজী আসাদ। নির্মাতা এর আগে মোশাররফ করিমকে নিয়ে চরকি অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।

নির্মাতা জানান, এটি একটি ইমোশনাল গল্প। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। 

কাজী আসাদ বলেন, “বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকে দেখি, কিন্তু চ্যালেঞ্জটা হলো তাকে ভেঙে নতুন ধরনের চরিত্রে দর্শকদের সামনে হাজির করা। আশা করছি দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন।”

১৩ ডিসেম্বর দুপুরে চরকি কার্যালয়ে চরকি অরিজিনাল ফিল্মে চুক্তি স্বাক্ষর করেন মিম। চুক্তি শেষে স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। কারণ গল্পটি তার ভালো লেগেছে। 

মিম জানান, “অনেকেই জিজ্ঞেস করেন, কাজ কম করছি কেন। এর কারণ হলো মিলছিল না। কাজী আসাদ যখন এই গল্পটি শোনালেন এবং আমি চরকিতে তার আগের কাজ দেখলাম, মনে হলো কাজটি করা উচিত।”

তিনি আরও বলেন, “চরকি দেশের বড় একটি প্ল্যাটফর্ম। এখানকার সিরিজ ও ফিল্ম আমি নিয়মিত দেখি। তাদের কাজ ভালো হয়, ভালো লাগে। আশা করছি আমার প্রথম কাজটা দর্শকদের ভালো লাগবে।” মিম দর্শকদের উদ্দেশে জানান, ২০২৬ সালে আরও কিছু কাজের ঘোষণা আসবে তার।

আরও পড়ুন: আজীবন সম্মাননা পেলেন সোহেল রানা

নাম চূড়ান্ত না হওয়া এই চরকি অরিজিনাল ফিল্মের গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু, কাজী আসাদ এবং নির্মাতার সঙ্গে চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীর। ফিল্মটিতে ইতিমধ্যেই আরও গুণী অভিনয়শিল্পীরা যুক্ত হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের নামও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়