News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

পুরান ঢাকায় এসি বিস্ফোরণে দগ্ধ ৩

পুরান ঢাকায় এসি বিস্ফোরণে দগ্ধ ৩

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার নারিন্দায় একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, মধ্যরাতে বিকট শব্দে এসি বিস্ফোরণের পরপরই তৃতীয় তলায় আগুন ধরে যায়। দ্রুত ধোঁয়া পুরো ফ্লোরজুড়ে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ফলে আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েনি।

আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, দগ্ধ তিনজনের শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

আরও পড়ুন: মোহাম্মদপুর-আদাবরে মধ্যরাতে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক শতাধিক

বিস্ফোরণের তীব্রতায় তৃতীয় তলার জানালার কাঁচ ভেঙে নিচে পড়ে যায় এবং ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে পুরো ভবন কেঁপে ওঠে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, এসির যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়