News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মোহাম্মদপুর-আদাবরে মধ্যরাতে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক শতাধিক

মোহাম্মদপুর-আদাবরে মধ্যরাতে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক শতাধিক

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা পরিচালিত এই অভিযানে বিভিন্ন অভিযোগে জড়িত শতাধিক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। 

এ সময় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং সংশ্লিষ্ট থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বরিশালে আদালতে ভাঙচুর, আইনজীবী সভাপতি লিংকন গ্রেফতার

পুলিশ সূত্র জানায়, আসন্ন পবিত্র রমজান মাসে জনসাধারণ যাতে নিরাপদে রোজা পালন করতে পারেন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদ্‌যাপন নিশ্চিত হয় সে লক্ষ্যেই এ সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে রমজানকে কেন্দ্র করে চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে অভিযান জোরদার করা হয়।

ডিসি মো. ইবনে মিজান বলেন, মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে বিভিন্ন পর্যায়ের অপরাধে জড়িত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা পুনরায় সক্রিয় হতে না পারে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। রাজধানীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়