মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও হেরোইনসহ গ্রেফতার ৬
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলার টেক্কা মিয়ার মোড় এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য ও মাদক কারবারিসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে টেক্কা মিয়ার মোড় এলাকায় পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কয়েকজন চিহ্নিত কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী রায়েরবাজার ও টেক্কা মিয়ার মোড় এলাকায় একত্রিত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে রাত ২টা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ভালুকায় দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, আহত অন্তত ৩০
অভিযান চলাকালে সেনা সদস্যরা বাচ্চু (৩৫), সাগর (১৯), রুদ্র (২১), শাকাওয়াত (২৭), শুক্কুর (৪৫) ও রাকিব (২৮)—এই ছয়জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ধারালো তলোয়ার, একটি চাইনিজ কুঠার, তিনটি সামুরাই, ১০২ পুরিয়া হেরোইন, ৩৯৫ পুরিয়া গাঁজা, চারটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ টাকা ৪৩ হাজার ৮৫০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সেনা কর্তৃপক্ষ।
এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, উদ্ধার করা আলামতসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বসিলা ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








