হর্ন বাজালেই জেল-জরিমানা: ২৫ জানুয়ারি থেকে কঠোর অভিযানে ডিএমপি
ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তার পার্শ্ববর্তী এলাকায় শব্দদূষণ রোধে কঠোর অবস্থানে যাচ্ছে।
ডিএমপি জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকা ও আশপাশের ‘নীরব এলাকা’-তে হর্ন বাজালে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এর আগে সোমবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকেও এই বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত ‘নীরব এলাকা’ নিয়ম ভঙ্গ করলে অভিযুক্ত চালককে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড দেওয়া হতে পারে।
একই তথ্যের ভিত্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
আরও পড়ুন: দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসি
২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকেই ঢাকার নির্দিষ্ট কিছু জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই তালিকায় রয়েছে-
- বিমানবন্দর এলাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর উত্তর ও দক্ষিণে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকা (উত্তরা স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত)।
- আবাসিক ও বাণিজ্যিক এলাকা: গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকা।
ডিএমপি জানিয়েছে, ২৫ জানুয়ারি থেকে শুধু সচেতনতা বৃদ্ধি নয়, বরং পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এর মাধ্যমে ‘নীরব এলাকা’ ভঙ্গের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা আরও কার্যকর করা হবে।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৮ ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা মোতাবেক নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুনভাবে জারি করা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী নীরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ করার জন্য পুলিশকে জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। ডিএমপি এই ক্ষমতা কাজে লাগিয়ে নীরব এলাকায় হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলোতে শব্দদূষণ কমাতে চালকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। হর্ন বাজানো থেকে বিরত থাকলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
নিউজবাংলাদেশ.কম/পলি








