দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসি
ছবি: সংগৃহীত
প্রতি বছরের শুরুতেই রাজধানী ঢাকায় বাড়িভাড়া বৃদ্ধির প্রবণতার মধ্যে দুই বছরের আগে বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষায় এ সংক্রান্ত একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশান-২ নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, দেশে জানুয়ারি মাস এলেই বাড়িভাড়া বাড়ানোর একটি প্রচলিত রীতি রয়েছে, যা যৌক্তিক নয়। বাড়িভাড়া বাড়ানোর উপযুক্ত সময় হলো অর্থবছর—জুন-জুলাই।
ডিএনসিসি প্রশাসক বলেন, বাড়িভাড়ার ওপর ভিত্তি করেই সিটি করপোরেশন কর আদায় করে। ফলে যে হারে কর দেওয়া হয়, সেই হারে এবং নিয়ম মেনে ভাড়া সমন্বয় করতে হবে। দুই বছরের মধ্যে কোনো অবস্থাতেই ভাড়া বৃদ্ধি করা যাবে না।
সংবাদ সম্মেলনে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুসারে ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিত করতে ডিএনসিসি প্রণীত ১৬ দফা নির্দেশিকা তুলে ধরা হয়। নির্দেশিকায় বাড়ির বাসযোগ্যতা নিশ্চিত করা, ইউটিলিটি সেবা অব্যাহত রাখা, অগ্রিম ভাড়া সীমিত রাখা, মাসিক রশিদ প্রদান, ভাড়াটিয়ার নিরাপত্তা ও প্রবেশাধিকারের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার পর তা দুই বছর বলবৎ থাকবে এবং ভাড়া বাড়াতে হলে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে জুন-জুলাই মাসে তা করতে হবে। এছাড়া, বাড়িভাড়া বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি নির্ধারণ করা যাবে না।
বাড়িভাড়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠনের কথাও বলা হয়েছে। স্থানীয় পর্যায়ে সমাধান না হলে বিষয়টি সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১, জিম্মি ৩
ডিএনসিসি জানিয়েছে, এই নির্দেশিকা বাস্তবায়নে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও মতবিনিময় সভা আয়োজন করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








