ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনে রেমিট্যান্স ১৯৭ কোটি ডলার
ফাইল ছবি
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি মার্কিন ডলার। দেশে গড়ে প্রতিদিন এসেছে ১১ কোটি ৫৯ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৫৮ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২৫ শতাংশের বেশি।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ কোটি ৩০ লাখ ডলারে। এই সময়ে বছরে বৃদ্ধি হয়েছে ২২ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
আরও পড়ুন: রেকর্ড রেমিট্যান্সে বাড়ল রিজার্ভ
গত মাসগুলোর রেমিট্যান্স প্রবাহও উল্লেখযোগ্য ছিল। জানুয়ারিতে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স।
নভেম্বরে দেশে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আর আগস্ট ও জুলাইয়ে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার জোগানে স্থিতিশীলতা বজায় রাখতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশি বাজারে আরও বিনিয়োগ ও অর্থনৈতিক সক্রিয়তা বৃদ্ধি করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








