News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬

কমার একদিন পর আবার বাড়লো সোনার দাম

কমার একদিন পর আবার বাড়লো সোনার দাম

ছবি: সংগৃহীত

সোনার বাজারে অস্থির অবস্থা বিরাজ করছে। সকাল-বিকেল দাম ওঠানামার মধ্য দিয়ে চলছে কেনাবেচা। এমন পরিস্থিতিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দাম কমানোর ২৪ ঘণ্টা না যেতেই ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।

ফলে ভালো মানের ২২ ক্যারেটের সোনার ভরি এখন ২ লাখ ৬২ হাজার টাকায় পৌঁছেছে। আগের দিন এটি ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজুসের বিজ্ঞপ্তিতে এই নতুন দাম কার্যকর হওয়ার তথ্য জানানো হয়েছে। সমিতি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির প্রভাব স্থানীয় বাজারে প্রতিফলিত হয়েছে।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী: ২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, এবং সনাতন পদ্ধতি ৩ হাজার ৯০৭ টাকা।

আন্তর্জাতিক বাজারে সোনার দামও বৃদ্ধি পেয়েছে। গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৪,৯৬৬ ডলার, আগের দিন ছিল ৪,৮৫০ ডলার। ২৯ ও ৩০ জানুয়ারিতে দাম আরও উঁচুতে উঠে যথাক্রমে ৫,৫৫০ ও ৫,২০০ ডলার হয়েছিল।

আরও পড়ুন:  সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৭৬৪০ টাকা

গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে বাড়ায় দেশেও রেকর্ড মাত্রা বৃদ্ধি হয়। ২৯ জানুয়ারিতে বাজুস এক ধাপেই ১৬ হাজার ২১৩ টাকা বৃদ্ধি করে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম পৌঁছে যায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়