News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২৬

 সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৭৬৪০ টাকা

 সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৭৬৪০ টাকা

ফাইল ছবি

বড় ধরনের দরপতনের পর সম্প্রতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল সোনার বাজার। তবে সেই পুনরুদ্ধার দীর্ঘস্থায়ী হলো না। দুই দিনের ব্যবধানে এবার আবারও বড় ধরনের পতন ঘটেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৭ হাজার ৬৪০ টাকা কমেছে। এদিন সকাল ১০টার দিকে নতুনভাবে সোনার দাম সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বাজুসের নতুন সমন্বয়ের পর দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুই দফায় সোনার দাম প্রতি ভরি ১৬ হাজার ৩৩০ টাকা বাড়ানো হয়েছিল। তখন দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: ফেব্রুয়ারির ৪ দিনে রেমিট্যান্স এলো ৫০ কোটি ৬০ ডলার

গত বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার আগ পর্যন্ত দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত (৩৭ দিনে) বাজুস ২৫ বার সোনার দাম সমন্বয় করেছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৬ দফায়, কমানো হয়েছে ৯ দফায়। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়