News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির ৪ দিনে রেমিট্যান্স এলো ৫০ কোটি ৬০ ডলার

ফেব্রুয়ারির ৪ দিনে রেমিট্যান্স এলো ৫০ কোটি ৬০ ডলার

ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গতি সঞ্চার করে চলতি ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাসীরা ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, এই চার দিনের মধ্যে কেবল বুধবার (৪ ফেব্রুয়ারি) এক দিনেই এসেছে ২ হাজার ১৯৬ কোটি টাকা সমপরিমাণ রেমিট্যান্স।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাস আয় এসেছিল ৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৯ দশমিক ৮০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের ক্রমবর্ধমান আগ্রহই এই প্রবৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাস আয় এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সামগ্রিক রেমিট্যান্স আহরণে উল্লেখযোগ্য উল্লম্ফন ঘটেছে।

আরও পড়ুন: সঞ্চয়পত্রের অতিরিক্ত উৎসে কর ফেরত মিলবে আগামী মাসেই

অর্থনীতিবিদরা মনে করছেন, বৈধ পথে ডলারের বিনিময় হার বাজারমুখী করা এবং প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করার সুফল মিলছে অর্থনীতিতে। বিশেষ করে ব্যাংকগুলো প্রতি ডলারে ১২২ টাকা পর্যন্ত অফার করায় হুন্ডি ছেড়ে বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়