News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

সঞ্চয়পত্রের অতিরিক্ত উৎসে কর ফেরত মিলবে আগামী মাসেই

সঞ্চয়পত্রের অতিরিক্ত উৎসে কর ফেরত মিলবে আগামী মাসেই

ফাইল ছবি

সঞ্চয়পত্রের উৎসে কর হিসেবে গ্রাহকদের কাছ থেকে কেটে রাখা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মাসের মুনাফার সঙ্গে এই অর্থ ফেরত দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, উৎসে কর হিসেবে গ্রাহকদের কাছ থেকে কেটে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। এ বিষয়ে সিস্টেমে প্রয়োজনীয় কাজ চলছে। আশা করছি, আগামী মাসের মুনাফার সঙ্গে এই অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে করের হার ৫ শতাংশ নির্ধারিত থাকলেও গত জানুয়ারি মাসে হঠাৎ করে ১০ শতাংশ হারে উৎসে কর কাটা হয়। এতে সঞ্চয়পত্রের ছোট বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর গত ৩ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, ৫ শতাংশই কাটা হবে।

এর পরিপ্রেক্ষিতে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি কর কেটে নেওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মন্দা রফতানি, নির্বাচন ও ঈদে আর্থিক সংকটে পোশাক শিল্প

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর ৫ শতাংশ হারে কাটা হবে। জানুয়ারি মাসে যেসব বিনিয়োগকারীর কাছ থেকে ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ হারে কর কাটা হয়েছে, তাঁদের কেটে রাখা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে এবং কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেন না।

এদিকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক ড. রওশন আরা বেগম জানিয়েছেন, এনবিআরের চিঠি তারা ইতোমধ্যে পেয়েছেন এবং ওই নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়