News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬

দুই দিনে ১৭১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দুই দিনে ১৭১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

দুই দিনের ব্যবধানে দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এসব ডলার ১২২ টাকা ৩০ পয়সা বিনিময় হারে ক্রয় করা হয়। ডলার কেনার ক্ষেত্রে একই দরে কাট-অফ হার নির্ধারণ করা হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) একই সংখ্যক বাণিজ্যিক ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ (২১৮.৫০ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। সে ক্ষেত্রেও বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এতে করে ফেব্রুয়ারি মাসে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৩৮৯.৫০ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৩ মিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, একই দরে এর আগেও ধারাবাহিকভাবে ডলার কেনা হয়েছে। গত ২৯ জানুয়ারি পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫ কোটি ৫০ লাখ ডলার, ২০ জানুয়ারি দুইটি ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার, ১২ জানুয়ারি ১০টি ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার এবং ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার ক্রয় করা হয়।

আরও পড়ুন:  ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বুধবার ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা কাট-অফ রেটে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এর ফলে ফেব্রুয়ারি মাস ও চলতি অর্থবছরে মোট ক্রয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়