বাজারে আসছে নতুন ডিজাইনের ১০ টাকার নোট
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে উপজীব্য করে নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ৩ ফেব্রুয়ারি থেকে বাজারে প্রচলন করছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (০২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা’ শীর্ষক নতুন সিরিজের আওতায় ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। এ ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান এইচ (আহসান হাবিব) মনসুর স্বাক্ষরিত নতুন ১০ টাকার নোট প্রথমবারের মতো প্রচলনে দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও বিতরণ করা হবে।
আরও পড়ুন: প্রবাসী আয় বাড়ায় ব্যাংক থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক
নতুন নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। সম্মুখভাগের বাম পাশে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি রয়েছে এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার চিত্র মুদ্রিত হয়েছে। নোটের পেছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি। পুরো নোটে গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে।
নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। সম্মুখভাগের বাম পাশে সংযোজিত ২ মিলিমিটার চওড়া রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতায় ‘৳১০ দশ টাকা’ লেখা থাকবে, যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে। নোট নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।
এ ছাড়া গভর্নরের স্বাক্ষরের ডান পাশে একটি See-Through ইমেজ বা প্যাটার্ন যুক্ত করা হয়েছে, যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা দেখা যাবে। সম্মুখভাগে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে সমান্তরালভাবে এবং পেছনভাগের গ্রিডিশ প্যাটার্নের বাইরের অংশে Microprint হিসেবে ‘BANGLADESH BANK’ মুদ্রিত রয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন ডিজাইনের ১০ টাকার নোট চালু হলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।
মুদ্রা সংগ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়মিত নোটের পাশাপাশি ১০ টাকা মূল্যমানের নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। নির্ধারিত মূল্যে এসব নমুনা নোট মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








