ডিসেম্বরের ১৩ দিনে এলো ১৫০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স
ফাইল ছবি
চলতি ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে এসেছে ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রায় ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এ সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বাধিক ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়, ৭ থেকে ১৩ ডিসেম্বর -এই সাত দিনে দেশে এসেছে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। অন্যদিকে মাসের প্রথম ছয় দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের নভেম্বর মাসে সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এর আগে অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট মাসে রেমিট্যান্স ছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
আরও পড়ুন: বাজারে মৌসুমি সবজি উঠলেও কমছে না দাম
বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪-২৫ অর্থবছরে এ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
নিউজবাংলাদেশ.কম/এসবি








