টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন মেসি
ছবি: সংগৃহীত
আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফর শেষ হয়েছে দিল্লি ভ্রমণের মধ্য দিয়ে। সফরের শেষ দিনে সোমবার (১৫ ডিসেম্বর) তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করেন।
বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে মেসি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছান। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় আইসিসি চেয়ারম্যান জয় শাহর। খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এ সময় আগামী ফেব্রুয়ারি–মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আমন্ত্রণমূলক টিকিট মেসিকে উপহার দেন জয় শাহ। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত।
এছাড়া ইন্টার মায়ামির এই তারকাকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি এবং জয় শাহের স্বাক্ষর করা একটি ক্রিকেট ব্যাট উপহার দেওয়া হয়।
শুধু মেসি নন, তাঁর সঙ্গে আসা আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পল এবং ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজকেও একই উপহার দেন আইসিসি চেয়ারম্যান। এ সময় করতালিতে মুখর হয়ে ওঠে অরুণ জেটলি স্টেডিয়াম।
আরও পড়ুন: রদ্রিগোর গোলে রিয়াল মাদ্রিদের জয়
এর আগে ভারতের বিভিন্ন শহর ঘুরে দেখেন মেসি। সফরের শুরুটা হয়েছিল কলকাতা দিয়ে। তবে সেখানে আয়োজনে অব্যবস্থাপনার মুখে পড়তে হয় তাঁকে, যার ফলে নির্ধারিত সময়ের আগেই কলকাতা ত্যাগ করেন মেসি। পরে তিনি হায়দরাবাদে যান এবং সেখানে সফলভাবে আয়োজিত অনুষ্ঠান শেষে মুম্বাই সফর করেন। মুম্বাইয়ে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারসহ বলিউডের একাধিক তারকার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপরই সফরের শেষ গন্তব্য হিসেবে দিল্লিতে পৌঁছান মেসি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








