হায়দরাবাদে মেসি আসছেন শনিবার, ছবি তুলতে খরচ ১৩ লাখ টাকা
মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ, গুনতে হবে যত টাকা। ছবি: সংগৃহীত
সব ঠিক থাকলে শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় হায়দরাবাদে পৌঁছাবেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার এই সফরকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শুধু ম্যাচ নয়, ভক্তদের জন্য থাকছে মেসির সঙ্গে ছবি তোলার বিশেষ সুযোগও- তবে তার জন্য খরচ করতে হবে মোটা অঙ্কের অর্থ।
আয়োজকদের বরাতে জানা গেছে, মেসির সঙ্গে ব্যক্তিগতভাবে ছবি তুলতে জনপ্রতি খরচ হবে ৯.৯৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা ১৩ লাখ টাকারও বেশি)। পুরো প্রক্রিয়া পরিচালিত হবে বিশেষ অনলাইন অ্যাপের মাধ্যমে। ছবি তোলার স্থান নির্ধারণ করা হয়েছে হায়দরাবাদের ঐতিহাসিক ফালাকনুমা প্যালেস। তবে মাত্র ১০০ ভাগ্যবান ভক্তই পাবেন এই সুযোগ।
হায়দরাবাদের বিমানবন্দরে পৌঁছে মেসি সরাসরি যাবেন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সন্ধ্যা ৭টায় শুরু হবে তিন ঘণ্টার বিশেষ অনুষ্ঠান, যেখানে ফুটবল, বিনোদন ও বিভিন্ন তারকার উপস্থিতি থাকবে। অনুষ্ঠানের শুরুতেই হবে ২০ মিনিটের একটি প্রদর্শনী ম্যাচ- মেসির ‘অপর্ণা মেসি অল স্টারস’ দল মুখোমুখি হবে সিঙ্গারেনি আরআর-৯ দলের। দুই দলে ১৫ শিশু অংশ নেবে, আর শেষ পাঁচ মিনিট মাঠে নেমে খেলবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
মেসির সফরে সঙ্গে থাকছেন তার বিশ্বকাপজয়ী সতীর্থ রদ্রিগো ডি পল এবং দীর্ঘদিনের সঙ্গী উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।
আরও পড়ুন: বিয়ের প্রলোভনে ধর্ষণ, ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে আদালতে অভিযোগ
হায়দরাবাদে যাওয়ার আগে ১৩ ডিসেম্বর সকালে মেসি পৌঁছাবেন কলকাতায়। যুব ভারতী ক্রীড়াঙ্গনে তার সম্মানে একটি ভাস্কর্য উন্মোচন ও প্রীতি ম্যাচের আয়োজন করা হবে। ১৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথাও রয়েছে তার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








