News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫১, ১৪ ডিসেম্বর ২০২৫

গভীর রাতে ঢাকায় পৌঁছেছেন শোয়েব আখতার

গভীর রাতে ঢাকায় পৌঁছেছেন শোয়েব আখতার

ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১২তম আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে আজ রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই তারকাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান দলের মালিকানা প্রতিষ্ঠান রিমার্ক এইচবি।

৫০ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেট তারকা খেলোয়াড়ি জীবন শেষে নতুন ভূমিকায় ঢুকেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, তীব্র গতি এবং আগ্রাসী মানসিকতার জন্য খ্যাত আখতার এবার ঢাকায় এসে ঢাকা ক্যাপিটালসের তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগাবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়েছে, শোয়েব আখতারের যোগদান দলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার কাজ হবে মাঠের ভেতরে ও বাইরে দিকনির্দেশনা দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট গড়ে তোলা। দল পরিচালনা সূত্রে বলা হয়েছে, তার উপস্থিতি দলের প্রস্তুতি, মানসিকতা এবং দিকনির্দেশনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন: গুলিবিদ্ধ হাদির দ্রুত সুস্থতা কামনা বিসিবির

শোয়েব আখতার নিজেও সামাজিক মাধ্যমে ঢাকায় আসার খবর নিশ্চিত করেছিলেন। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে তিনি একটি পোস্টে লিখেছিলেন, ‘ঢাকা- আমি আসছি অনেক দিন পর।’ রবিবার ভোরে তিনি সরাসরি ঢাকায় পৌঁছান এবং বিমানবন্দরে তাকে রিসিভ করতে আসা কর্মকর্তাদের সঙ্গে সৌজন্যসুলভভাবে সাক্ষাৎ করেন।

ঢাকা ক্যাপিটালসের অনুশীলন ও প্রস্তুতিতে অংশগ্রহণের জন্য শোয়েব আখতার দুই দিন ঢাকায় থাকবেন। বিপিএলের খেলা শুরু হলে তিনি পুনরায় আসবেন দলের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য।

শোয়েব আখতার পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যদিও তার পরিসংখ্যান সম্পূর্ণরূপে অভিজাত নয়, তবু দ্রুত গতির বলের কারণে তিনি বিশ্ব ক্রিকেটে এক আলাদা মর্যাদা তৈরি করেছেন। ক্রিকেট ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি তারই।

আসন্ন বিপিএলের ১২তম আসর শুরু হবে ২৬ ডিসেম্বর। ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে ২৭ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়