ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আমান উল্লাহ
ছবি: সংগৃহীত
গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন সুসংহত করতে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
রবিবার (১৯ জুলাই) জুলাই ছাত্র আন্দোলনের শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের ঘাটারচরে তার কবর জিয়ারত এবং শহীদ রিয়াজ গোলচত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ আহ্বান জানান।
আমান উল্লাহ আমান বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষিত থাকবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিভেদের পরিবর্তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্মৃতিচিহ্ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব শহীদের আত্মত্যাগের মধ্য দিয়েই পরিবর্তনের পথ সুগম হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষা করা।
কেরানীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, এলাকায় কোনো ধরনের জুলুম-অত্যাচার, মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্ব বরদাশত করা হবে না। ঢাকা-২ আসনের কেরানীগঞ্জকে একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
আরও পড়ুন: ইসিতে দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি
এ সময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. শামীম হাসান, সহসাধারণ সম্পাদক মো. মনিরুল হক মনিরসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








