তারেক রহমানের হাত ধরেই ফিরবে কৃষি বিপ্লব: রিজভী
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষি ভাবনা, রাজনৈতিক উত্তরাধিকার ও দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরী হিসেবে তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন।
তার ভাষায়, তারেক রহমানের এই কৃষি ভাবনা নতুন কোনো ধারণা নয়; বরং গত ৮–৯ বছর ধরে তিনি দলের নেতাকর্মীদের কাছে তার পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরছেন।
আরও পড়ুন: আন্দোলন-সংগ্রামে থাকা নেত্রীরাই মনোনয়ন পাবেন: রিজভী
রিজভী উল্লেখ করেন যে, বর্তমানে এই পরিকল্পনাগুলো যে গতিতে মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে, তা প্রমাণ করে যে তারেক রহমান তার পিতা শহীদ জিয়ার প্রদর্শিত উন্নয়নের পথেই দৃঢ়ভাবে হাঁটছেন।
আওয়ামী লীগের বিগত শাসনামলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গত শাসনামলে দেশকে চাল আমদানির ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল। অথচ জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ রফতানি বাণিজ্যে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছিল।
রিজভী দৃঢ়তার সাথে বলেন, তারেক রহমানের আধুনিক কৃষি উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ কেবল খাদ্যে স্বয়ংসম্পূর্ণই হবে না, বরং পুনরায় কৃষি পণ্য রফতানির গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ কৃষক উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় কৃষকদের অধিকার রক্ষায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








