৯০ দিনের আগেই বিসিবি নির্বাচনের ঘোষণা তামিমের
ফাইল ছবি
দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে বড় ঘোষণা দিয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আগামী জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিসিবির বহু প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা চূড়ান্ত করেছে বর্তমান কমিটি।
নির্বাচন নিয়ে অ্যাডহক কমিটির রোডম্যাপ সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন সংবাদকর্মীদের সাথে আলাপকালে তামিম ইকবাল এই ঘোষণা দেন। প্রেসবক্সে সাংবাদিকদের সাথে কুশল বিনিময়ের ফাঁকে তিনি জানান, নির্ধারিত ৯০ দিনের সময়সীমা পূর্ণ হওয়ার আগেই তাঁরা দায়িত্ব বুঝিয়ে দিতে চান।
তামিম বলেন, আমাদের হাতে ২১ জুলাই পর্যন্ত সময় থাকলেও আমরা অতদিন অপেক্ষা করতে চাই না। আমাদের প্রথম ইচ্ছা জুনের প্রথম সপ্তাহেই নির্বাচন শেষ করা। কোনো কারণে সেটি সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহে নিশ্চিতভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পূর্ববর্তী পর্ষদে নানা অনিয়ম ও কারচুপির প্রমাণ মেলায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বোর্ডটি ভেঙে দেয়। এরপর তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়, যাদের মূল ম্যান্ডেট ছিল তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ
মাঠে ফিরছে ‘বল বয়’ সংস্কৃতি প্রশাসনিক সংস্কারের পাশাপাশি মাঠের ক্রিকেটেও কিছু পুরনো ও কার্যকর ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেই বাউন্ডারি লাইনের চারপাশে তরুণ ক্রিকেটারদের ‘বল বয়’ হিসেবে রাখার প্রথা পুনরায় চালু করতে চান তিনি।
এ প্রসঙ্গে নিজের শৈশব ও কৈশোরের স্মৃতি হাতড়ে বিসিবি সভাপতি বলেন, আগে আমাদের মাঠে তরুণ ক্রিকেটাররা বল বয় হিসেবে থাকতো, যা এখন উন্নত ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে নিয়মিত দেখা যায়। কিন্তু আমাদের এখানে কেন যেন এটি বন্ধ হয়ে গিয়েছিল। আমি নিজেও বল বয় ছিলাম। ১৯৯৮ সালে চট্টগ্রামে যখন এমসিসি (মেরিলেবোন ক্রিকেট ক্লাব) খেলতে এসেছিল, আমি সেই ম্যাচে বল বয়ের দায়িত্ব পালন করেছিলাম।
ক্রিকেট অঙ্গনে নতুন চাঞ্চল্য নিউজিল্যান্ড সিরিজের ডামাডোলের মাঝেই বিসিবি সভাপতির এমন স্পষ্ট ঘোষণা দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বাধীন প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেও শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছিল। তবে এবার অ্যাডহক কমিটির প্রধান হিসেবে থেকে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের মাধ্যমে তিনি বিসিবির যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের পথ প্রশস্ত করছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম থেকে শুরু করে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জুনের সেই নির্বাচন। ক্রিকেট অনুরাগীরা আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমেই বিসিবি একটি স্থায়ী ও বিতর্কমুক্ত পরিচালনা পর্ষদ ফিরে পাবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








