জ্বালানি দামের প্রভাবে ঢাকায় গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা
ফাইল ছবি
জ্বালানি তেলের আকস্মিক মূল্যবৃদ্ধির অজুহাতে অচল হয়ে পড়েছে রাজধানীর গণপরিবহন ব্যবস্থা।
সোমবার (২০ এপ্রিল) সকাল থেকেই ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। এতে শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং অনেকে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি।
ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান, মিরপুর, যাত্রাবাড়ী ও মহাখালীসহ একাধিক এলাকায় সকাল থেকে বাস চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কম দেখা যায়। বাসের সংখ্যা কমে যাওয়ায় বিভিন্ন স্টপেজে যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়।
পরিবহন সংকটের কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে রিকশা, সিএনজি কিংবা রাইড শেয়ারিং সেবা ব্যবহার করেন। তবে এসব বিকল্প পরিবহনে ভাড়া তুলনামূলকভাবে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আজিমপুর বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রী নূর মোহাম্মদ জানান, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অপেক্ষা করেও বাস পাননি।
তার ভাষায়, সড়কে বাস প্রায় নেই বললেই চলে। সাভারে যাব, কিন্তু কোনো যানবাহন পাচ্ছি না। সিএনজি গাবতলী পর্যন্ত যেতে ৩৫০ টাকা ভাড়া চাইছে।
আরও পড়ুন: দাম বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত তেল, পাম্পে দীর্ঘ সারি ও ভোগান্তি
ধানমন্ডি থেকে পল্টনগামী যাত্রী রিফাত হাবীব বলেন, বাসের সংখ্যা কমে যাওয়ায় পরিবহন মালিকরা সুযোগ নিচ্ছেন। তার অভিযোগ, কিছু বাস অতিরিক্ত যাত্রী তুলছে, আবার অনেক বাস নির্ধারিত স্টপেজে থামছে না কিংবা বাড়তি ভাড়া দাবি করছে।
অন্যদিকে, মোহাম্মদপুর-ধানমন্ডি রুটে চলাচলকারী একটি বাসের শ্রমিক ওবায়দুল জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস চালানো কঠিন হয়ে পড়েছে। তার দাবি, মালিকদের নির্দেশে কিছুটা বাড়তি ভাড়া নিতে হচ্ছে খরচ সামাল দিতে।
গুলিস্তান-সাভার রুটের আরেক পরিবহন শ্রমিক তুরুজ মিয়া বলেন, তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পরিবহন খাতে পড়েছে এবং আয়-ব্যয়ের ভারসাম্য রাখতে ভাড়া সমন্বয় করা হচ্ছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক পরিবহন মালিক জানান, সাম্প্রতিক জ্বালানি মূল্যবৃদ্ধির পর মালিকদের বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাঁর মতে, কিছু রুটে ভাড়া না বাড়ালে বাস চালু রাখা সম্ভব নয়।
যাত্রীদের অভিযোগ, পরিকল্পিতভাবে বাস কম নামিয়ে ভাড়া বৃদ্ধির পরিবেশ তৈরি করা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/পলি








