News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৯, ২৩ জানুয়ারি ২০২৬

খেলাধুলার চর্চা নেই বলে মাদক-সন্ত্রাস বেড়েছে: মির্জা আব্বাস

খেলাধুলার চর্চা নেই বলে মাদক-সন্ত্রাস বেড়েছে: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

আর্থ-সামাজিক উন্নয়ন ও নৈতিকতার জন্য খেলাধুলাকে কেন্দ্রীয় গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে খেলাধুলার উন্নয়ন না হওয়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি বেড়েছে।

তিনি বলেন, যে কোনো সরকারই খেলাধুলার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয়নি। বিএনপি ক্ষমতায় এলে পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করা হবে- এমন প্রতিশ্রুতি দেন তিনি। 

তিনি আরও বলেন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নিয়মিত খেলাধুলা চর্চার সুযোগ তৈরি করলে তরুণ সমাজ অপরাধমুক্ত হবে এবং দেশের সামাজিক পরিস্থিতি ইতিবাচকভাবে বদলাবে।

এ প্রসঙ্গে মির্জা আব্বাস ঢাকার আরামবাগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক খেলোয়াড়দের প্রীতি ম্যাচ দেখতে গিয়ে এই মন্তব্য করেন। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উপস্থিত ছিলেন। এর পর মতিঝিলের অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন। এরপর তিনি ভোটারদের সঙ্গে মতিঝিলের ব্যাংক কলনি এলাকায় যান এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পূজায় অংশ নেন।

আরও পড়ুন: তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনি সফরসূচি চূড়ান্ত

এদিকে, প্রশাসন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে, নির্বাচনে বিশেষ দুটি দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে। রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। 

মির্জা আব্বাস বলেন, নির্বাচনের আগ মুহূর্তে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সব প্রার্থীকে সতর্ক থাকতে হবে।

নামাজ শেষে তিনি শাহজাহানপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা চালান এবং নিজ এলাকার মানুষের খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি দেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়