ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না: তারেক রহমান
ছবি: সংগৃহীত
ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে রাজপথ থেকে সরিয়ে দেওয়া বা দমন করে রাখা সম্ভব নয় বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা অবর্ণনীয় নির্যাতন, গুম ও খুনের পরও বিএনপি জনগণের দাবি আদায়ে আপসহীন রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম-খুনের শিকার পরিবারদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ বছর ধরে তাকে দেশ, স্বজন ও মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। তার নেতাকর্মীদের পাশাপাশি সারাদেশে থাকা স্বজনহারা মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি।
তিনি বলেন, দূর থেকে চেষ্টা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে। আমাদের সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি, স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে। আমরা কতটুকু পেরেছি বা পারিনি—তার জবাব ভিন্ন। তবে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। হয়তো সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত ছিল, ভবিষ্যতেও থাকবে।
আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে গড়ব বৈষম্যহীন-সুন্দর বাংলাদেশ: রিজভী
তিনি আরও জানান, তার দলের হাজার হাজার নেতাকর্মীকে নানা সময়ে অত্যাচার, নিপীড়ন ও গুমের শিকার হতে হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারও ছিলেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, ফ্যাসিবাদী আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লক্ষের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বোঝা বহন করতে হয়েছে ৬০ লক্ষ নেতাকর্মীকে। এছাড়া লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর ঘরবাড়ি ছেড়ে থাকতে হয়েছে।
তারেক রহমান বলেন, এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তারেক রহমান আরও বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কৌশলের নামে তার দলের নেতাকর্মীরা কোনো ধরনের গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। বরং রাজপথে থেকেই তারা আন্দোলন করেছে।
তিনি বলেন, গুম, খুন ও নির্যাতনের শিকার এসব পরিবারের পাশে বিএনপি সাধ্যমতো সহযোগিতার চেষ্টা অব্যাহত রাখবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শহীদ পরিবারের নামে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা নামকরণ করার আশ্বাস দেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/পলি








