গুম-খুনে স্বজনহারাদের অভিজ্ঞতার কথা শুনলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আবেগঘন মতবিনিময় সভা শুরু হয়।
‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’—এই সংগঠন দুটির যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা শোনা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করাই এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।
সভার আগে গুম ও খুনের বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং ‘মায়ের ডাক’-এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি।
আরও পড়ুন: গণতান্ত্রিক রূপান্তরের অঙ্গীকার নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ`র আত্মপ্রকাশ
সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
সভায় অংশ নেন সারা দেশ থেকে আগত গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যরা।
তারা কান্নাজড়িত কণ্ঠে জানান, অনেককে বাসা থেকে তুলে নেয়া হয়েছে, কেউকে রাস্তায় থেকে অপহরণ করা হয়েছে। অধিকাংশ স্বজনই জানেন না তাদের প্রিয়জনের শেষ পরিণতি কী হয়েছে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এসব ঘটনার সুষ্ঠু বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
নিউজবাংলাদেশ.কম/পলি








